মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিতে যাচ্ছে ট্রাইব্যুনাল

কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্যান্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযোগ পাঠ করেন। শুনানির সময় তিনি প্রসিকিউশনের উপস্থাপিত প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনটি নির্দিষ্ট অভিযোগ পড়ে আসামিদের অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ ঘোষণার জন্য ২ নভেম্বর দিন ধার্য করে।

অভিযোগ শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

এর আগে গত সোমবার হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। এসময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনটি নির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান এবং বিচার শুরুর আবেদন জানান। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য আজকের দিন ধার্য করা হয়।

মামলার অন্য তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনাল হানিফসহ চারজনকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আসামিরা পলাতক থাকায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়। এর আগে ১৪ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি, ফলে জাতীয় দৈনিক দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২।

৬ অক্টোবর ট্রাইব্যুনাল হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর একদিন আগে, ৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগসহ অভিযোগপত্র দাখিল করে, যার মধ্যে ছিল— উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র, ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত সহিংসতায় ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে তদন্ত সংস্থা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা