২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, মেয়েসহ ঢাকায় আগমন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর সকালে বাংলাদেশে ফিরছেন। জানা গেছে, ওই দিন বেলা ১১টার পর তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান লন্ডন থেকে যাত্রা করে প্রথমে সিলেটে পৌঁছাবেন, এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এ সফরে তার সঙ্গে তার মেয়েও থাকছেন বলে জানিয়েছেন তিনি।
দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। এ উপলক্ষে তার নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে এবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম ঘটতে পারে। তিনি জানান, বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানের ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে বের হয়ে এভারকেয়ার হাসপাতালের মধ্যবর্তী একটি স্থানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে, যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নেতাকে বরণ করা যায়।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সবকিছু অনুকূলে থাকলে ২৫ ডিসেম্বরই তারেক রহমান দেশে ফিরবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে পাড়ি জমান তিনি।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অবশেষে নিজ দেশে ফেরার পথে বিএনপির এই শীর্ষ নেতা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।