আগামী সপ্তাহেই শেখ হাসিনার বিচারের রায় — জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জাতি খুব শিগগিরই দেখতে পাবে শেখ হাসিনার বিচারের রায়। তিনি বলেন, “আমরা যে প্রতিশ্রুতি নিয়ে সরকারে এসেছিলাম, তা বাস্তবায়নের পথে রয়েছে। আগামী সপ্তাহেই জাতি এ রায়ের সাক্ষী হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা’-তে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম আরও জানান, শুধু শেখ হাসিনাই নয়, বরং যেসব ব্যক্তি ছাত্র জনতা হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও বিচার কার্যক্রম ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তিনি বলেন, “কেউ অপরাধ করলে তার বিচার হবেই—এটাই হবে নতুন বাংলাদেশের ভিত্তি। পরবর্তী সরকার এই বিচার প্রক্রিয়া আরও এগিয়ে নেবে।”
তিনি আরও বলেন, “আমরা সংস্কারের পথে অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো এখন ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এ ঐক্য বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি, যা দেশকে নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে।”
তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি এই সনদ ও সংস্কার কর্মসূচি মেনে চলতে পারে, তবে বাংলাদেশ সত্যিকারের নতুন অধ্যায়ে প্রবেশ করবে—যেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন, সুবিচার এবং গুম-খুনমুক্ত সমাজব্যবস্থা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।