সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আইজিপির হুঁশিয়ারি: কোনো অপশক্তিই জাতীয় নির্বাচন ব্যাহত করতে পারবে না

বাংলাদেশ পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম নিশ্চিত করেছেন যে আসন্ন জাতীয় নির্বাচন কোনোভাবেই বানচাল করতে পারবে না কোনো অপশক্তি। তার ভাষায়, “মানুষ এখন নির্বাচনমুখী—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং স্থিতিশীলতার ভিত্তি।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরের কেএমপি পুলিশ লাইনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে আইজিপি খুলনার পাঁচটি গুরুত্বপূর্ণ লোকেশনে চলছে এমন নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

আইজিপি জানান, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে এবারই প্রথম দেশজুড়ে সব ইউনিটকে বিশেষায়িত নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অতীতের বিতর্ক, বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নির্বাচন পরিচালনায় আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তারা।

নির্বাচনকেন্দ্রিক নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাস দমনে পুলিশ একা নয়। সাধারণ মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি। গুজব, ভুয়া তথ্য, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা—সবকিছুই আমরা কড়া নজরদারিতে রেখেছি।”

তিনি আরও জানান, অতীতে যেসব পুলিশ সদস্য পক্ষপাতিত্ব বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, এবং যাদের ‘সংশোধনযোগ্য নয়’ বলে চিহ্নিত করা হয়েছে—তাদের নির্বাচন ডিউটি থেকে সরিয়ে দেওয়া হবে। এসপি ও ডিআইজিদের নেতৃত্বে বিশেষ টিম ইতোমধ্যেই এসব সদস্যকে শনাক্ত করছেন।

সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ প্রসঙ্গে আইজিপি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে ভোট কাভারেজ করতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা