সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী, কমিশনার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার-এর প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ত্রুটি ঘটেনি। একুশে ফেব্রুয়ারিতেও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

শ্রদ্ধা নিবেদনের জন্য আগতদের নির্দিষ্ট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড দিয়ে প্রবেশ করতে হবে। অন্য কোনো সড়ক ব্যবহার না করার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন একেএম শহিদুর রহমান, মহাপরিচালক, র‌্যাব। তিনি জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সারা দেশেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা