বাংলাদেশের পোশাক রপ্তানি এখন নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন
গত প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের প্রধান নয়টি বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে, যার ফলে গড় রপ্তানি আয় কমেছে ৮.৭৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে ২০২৩-২৪ অর্থবছরের বিভিন্ন প্রান্তিকে রপ্তানিতে ওঠানামা দেখা গেলেও সামগ্রিকভাবে প্রবণতা ছিল নিম্নমুখী। তবে জাপান, অস্ট্রেলিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে রপ্তানি বাড়ায় সার্বিক খাতে আয় কিছুটা বেড়েছে। এসব নতুন বাজারে প্রবেশ এবং সরকারের নীতিসহায়তা রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাণিজ্যনীতির পরিবর্তন বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক কাঠামো প্রায় সমান হলেও, ভারতের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের জন্য। তবু, ভারতে স্থলপথে রপ্তানিতে বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনো বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় পণ্যের বৈচিত্র্য, দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।