বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও সংকুচিত হলো।
বুধবার মার্কিন পররাষ্ট্র
দপ্তর এক বিবৃতিতে জানায়, যেসব বিদেশি নাগরিক সরকারি সহায়তা বা সামাজিক কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হয়ে মার্কিন ব্যবস্থার অপব্যবহার করতে পারেন, তাদের প্রবেশ সীমিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বৈধ ও অবৈধ; উভয় ধরনের অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে।
এর আগে ব্রাজিল, ইরান, রাশিয়া ও সোমালিয়াসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সর্বশেষ ঘোষিত তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশও এই তালিকায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো; আলবেনিয়া, আলজেরিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, মিশর, ইথিওপিয়া, ঘানা, হাইতি, ইরাক, লেবানন, লিবিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, সুদান, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও ইয়েমেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী স্টেট ডিপার্টমেন্টের ক্ষমতা রয়েছে এমন আবেদনকারীদের অযোগ্য ঘোষণা করার, যারা ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তার ভাষায়, এতে করে “মার্কিন জনগণের সহানুভূতি ও উদারতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।