চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।
তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া জরুরি হয়ে পড়েছিল। চিকিৎসকদের ধারণা, সম্পূর্ণ সুস্থ হতে নুরের চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপার নেতাকর্মীদের সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুর। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ধারাবাহিকভাবে একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতেও নেওয়া হয়েছিল। অবশেষে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
এ প্রসঙ্গে ফারুক হাসান সরকারের সমালোচনা করে বলেন, “নুরের ওপর হামলার দায় এড়াতে পারে না সরকার। তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হলেও এখনও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি, যা সরকারের ব্যর্থতার পরিচয়।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।