চোরাগোপ্তা হামলার শঙ্কা সত্ত্বেও নির্বাচন পেছানোর সুযোগ নেই: নির্বাচন কমিশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চোরাগোপ্তা হামলার আশঙ্কা তৈরি হলেও ভোট গ্রহণ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার বলেন, ওসমান হাদিকে লক্ষ্য করে সংঘটিত গুলিবর্ষণের মতো চোরাগোপ্তা হামলা যাতে আর না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও একে অপরের বিরুদ্ধে দোষারোপ না করে সংযত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ইতোমধ্যে নির্বাচন কমিশনের দুটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক কিছু ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনায় এসেছে।
চোরাগোপ্তা হামলাগুলো কোনো বড় ষড়যন্ত্রের অংশ কি না, সে বিষয়েও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান সানাউল্লাহ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
নির্বাচন কমিশনার বলেন, নাশকতা ঠেকাতে ‘ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এ সময় বন্ধু সেজে থাকা অপতৎপর ব্যক্তিদের প্রতিও নজর রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যেন সহনীয় থাকে এবং কোনো নাশকতাকারী উৎসাহিত না হয়—সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।