ডাকসুর সিদ্ধান্ত: শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ ঘোষণা করে তা বাতিল করেছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে রাজনৈতিক প্রভাবে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।”
সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। এতে ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে ডাকসু নতুন নেতৃত্ব ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন ছাত্ররাজনীতির পর্যবেক্ষকরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।