ঢাকা ও চট্টগ্রামে প্রার্থীদের ওপর হামলার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের
ঢাকা ও চট্টগ্রামে নির্বাচনী প্রার্থীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব ঘটনার আড়ালে দেশবিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যে তিনি বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোন পথে এগোবে—সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সামনে একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।
তিনি জানান, ভবিষ্যৎ সরকার হিসেবে বিএনপি জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থানমুখী দক্ষ জনশক্তি তৈরি এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
এ সময় ঢাকা ও চট্টগ্রামে প্রার্থীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিয়ে একটি চিহ্নিত মহল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি।
আসন্ন নির্বাচন সহজ হবে না—এমন সতর্কবার্তা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। দলীয় ঐক্যে ভাঙন ধরলে তার পরিণতি দেশের জন্য ভয়াবহ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে ষড়যন্ত্র বন্ধ হবে না। দেশের স্বার্থে যেকোনো মূল্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই হবে।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম ৩ থেকে ৬ মাসের মধ্যেই বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা চালু করা হবে। এ লক্ষ্যে এক লাখ প্রশিক্ষিত হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
পাশাপাশি বিদেশে অদক্ষ শ্রমিক নয়, বরং দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দিয়ে তিনি বলেন, এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
বক্তব্যের শেষাংশে তারেক রহমান দাবি করেন, দেশ পরিচালনার জন্য বিস্তারিত ও বাস্তবসম্মত পরিকল্পনা একমাত্র বিএনপির কাছেই রয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল জনগণের সামনে এমন স্পষ্ট রূপরেখা তুলে ধরতে পারেনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।