ঈদের আগেই পাইলট প্রকল্পে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, প্রথমে সুবিধা পাবে হতদরিদ্র পরিবার
সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈঠকে ঈদের আগেই পরীক্ষামূলকভাবে বা পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য দেশের কয়েকটি জেলা ও উপজেলা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলো এই সুবিধা পাবে এবং পরে ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হবে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের আওতায় আপাতত নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ অর্থ পৌঁছানো পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। প্রাথমিকভাবে কতজন এ সুবিধা পাবেন, তা দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে।
এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এই কমিটি কর্মসূচির কাঠামো ও আর্থিক বিষয়গুলো নির্ধারণ করবে।
তিনি বলেন, কার্ডধারীদের জন্য কত টাকা দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে কর্মবিমুখ নারী ও বিধবা নারীদের দিয়ে কর্মসূচি শুরু করা হতে পারে। পরে ধাপে ধাপে আরও মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।