এমন সঙ্কটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এমন পরিস্থিতিতে মায়ের স্নেহ ও স্পর্শ পাওয়ার গভীর আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এ অনুভূতির কথা প্রকাশ করেন।
তারেক রহমান লেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার সুস্থতার জন্য দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের অসংখ্য মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাও দোয়ার পাশাপাশি তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা গভীর মনোযোগ ও পেশাদারিত্বের সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বন্ধু-প্রতিম দেশ থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সবার দোয়া ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য যে আন্তরিকতা মানুষ দেখাচ্ছে, তা জিয়া পরিবারের কাছে অত্যন্ত প্রাপ্তির। তিনি সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান।
বার্তার শেষে তিনি আবেগসহকারে উল্লেখ করেন, সংকটের এই সময় মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা তারও প্রবল। কিন্তু বাস্তবতার জটিলতা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে সীমাবদ্ধ করে রেখেছে। পরিস্থিতি অনুকূলে এলেই তার দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।