ফার্মগেটে সড়ক অবরোধ: তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভে অচল রাজধানী
ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় চরম যানজট।
রোববার (৪ জানুয়ারি) সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড় দখল করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত অবস্থায় চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনার পর থেকেই নিহত শিক্ষার্থীর সহপাঠীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে তারা সড়ক অবরোধ করেন। আজও বিচারের দাবিতে ফার্মগেট এলাকায় আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের ফলে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।