ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু নভেম্বরের তৃতীয় সপ্তাহে
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম।
একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চালু করছে একটি আধুনিক মোবাইল অ্যাপ—‘Postal Vote BD’, যার মাধ্যমে বিদেশে থাকা নাগরিকরা অনলাইনে সহজেই ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, শুধু ফ্রান্স নয়—একই প্রক্রিয়ায় আরও কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (NID) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশে বসবাসরত যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য লাগবে বৈধ বাংলাদেশি পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ, এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
তাছাড়া প্রয়োজন অনুযায়ী পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ ও বিদেশের ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।
আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদনকারীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হবে। যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।
ইসি ও দূতাবাসের কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা যে ভোটাধিকার ও নাগরিক অংশগ্রহণের দাবি জানিয়ে আসছিলেন, এই উদ্যোগ তার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ডিজিটাল প্ল্যাটফর্মে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন, যা প্রবাসী কমিউনিটির সঙ্গে দেশের সংযোগ আরও জোরদার করবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।