ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল স্থগিত রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মধ্যরাতের পর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।
বর্তমানে দৌলতদিয়া প্রান্তে অন্তত পাঁচটি ফেরি নোঙর অবস্থায় রয়েছে। এদিকে ফেরি বন্ধ থাকায় নদীপারের উভয় ঘাটে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে বলে জানা গেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।