গুম ও হত্যার মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর কার্যক্রম শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মামলার প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি জানান, তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ ইতোমধ্যে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুস্পষ্ট ও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে।
অন্যদিকে, অভিযোগ গঠনের শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার আদালতে যুক্তি তুলে ধরেন। তারা প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ চ্যালেঞ্জ করে বলেন, ট্রাইব্যুনালের সামনে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। এ কারণে তারা জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে সকালে কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই এ সংক্রান্ত শুনানি সম্পন্ন হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।