হাদির ওপর হামলার নেপথ্যে নির্বাচনবিরোধীরা? অলআউট অভিযানের ঘোষণা আইজিপির
হাদির ওপর হামলার পেছনে কারা—ইঙ্গিত দিলেন আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দেশজুড়ে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পর অপরাধীদের ধরতে ‘অলআউট’ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
আইজিপির ভাষ্য অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যারা সক্রিয়, তারাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, “আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে বোঝা যায়— নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই এই হামলা চালানো হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”
তিনি আরও জানান, “এটা স্পষ্ট— যারা নির্বাচন চায় না কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, তারাই এ ধরনের সহিংসতায় জড়াচ্ছে। বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”
আইজিপি আশ্বস্ত করে বলেন, এই হামলার কারণে রাজনৈতিক কার্যক্রম বা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং হামলাকারী ও তাদের নেপথ্যের শক্তিকে চিহ্নিত করাই এখন পুলিশের মূল লক্ষ্য।
“হামলাকারীরা কারা, তাদের পেছনে কারা আছে— সেটাই এখন আমাদের প্রধান লড়াই। পুলিশ ব্যর্থ হবে না,”— জোর দিয়ে বলেন তিনি।
আইজিপি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী বর্তমান ও সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি।
তিনি বলেন, “যেসব প্রার্থীকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, তাদের প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।”
নিরাপত্তা ব্যবস্থার ধরন সম্পর্কে আইজিপি বলেন, “আমাদের কোনো অলৌকিক ক্ষমতা নেই। অতীতের পরীক্ষিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো ঝুঁকি মূল্যায়ন করে প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবে— কোথায় যাবেন, কোথায় যাবেন না— এসব বিষয়ে।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।