হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলের সময়সীমা শুরু
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এই রায় প্রকাশ করে।
রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যেই তাদের আপিল করার সময়সীমা শুরু হয়েছে।
এর আগে, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত।
রায়টি ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
কোন অভিযোগে দণ্ড?
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, উসকানি, ষড়যন্ত্র এবং রাজনৈতিক নেতৃত্বের অপব্যবহারের মতো একাধিক গুরুতর অভিযোগে বিচার হয়েছে। পাঁচটি অভিযোগের মধ্যে—
- গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য
- হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ
- রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা
- চানখাঁরপুলে হত্যা
- আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো
শেষ তিনটি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। প্রথম দুই অভিযোগে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।