হাসিনার পক্ষে লড়তে নিয়োগ পেলেন আইনজীবী জেড আই খান পান্না
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের দুই মামলায় তার পক্ষে লড়তে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই সিদ্ধান্ত ঘোষণা করে।
শেখ হাসিনার শাসনামলে গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে দায়ের হওয়া দুই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখও নির্ধারিত হয়েছে।
এর মধ্যে একটি মামলার শুনানি হবে ৩ ডিসেম্বর, আর অন্যটির জন্য দিন রাখা হয়েছে ৭ ডিসেম্বর।
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এর আগেও শেখ হাসিনার পক্ষে আইনগত লড়াইয়ে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত আগস্ট মাসেও তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সে আবেদন তখন ট্রাইব্যুনাল খারিজ করে দেয়।
রোববার সকালে তিনি আবার ট্রাইব্যুনালে উপস্থিত হন এবং গুম-খুনের অভিযোগে করা মামলাগুলোতে শেখ হাসিনার পক্ষে আইনগতভাবে লড়ার আগ্রহ জানান। পরবর্তীতে ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ নিশ্চিত করে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।