মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা: রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো কার্গো বিমান, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে গিয়ে পড়ে। এতে বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও, শেষ পর্যন্ত দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এমিরেটসের ফ্লাইট EK9788 দুবাই থেকে হংকংয়ে অবতরণ করে। বিমানটি পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন Air ACT।

উত্তর দিকের রানওয়েতে নামার সময় বিমানটি একটি স্থলযানের সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সাগরে গিয়ে পড়ে। হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের তথ্য অনুযায়ী, এতে বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে প্রাণ হারান। স্থানীয় গণমাধ্যম RTHK পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের উদ্ধার জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালায়। প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত অবস্থায় উদ্ধার হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ঘটনাস্থল সংলগ্ন রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও, বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে সচল রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় এক সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে, যেখানে দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা