ইতিহাসে নতুন অধ্যায়: নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি পেয়েছে তাদের প্রথম মুসলিম মেয়র — ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। সর্বশেষ নির্বাচনে স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জোহরান এই জয় ছিনিয়ে নেন, যা নিউইয়র্কবাসীর ভোটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বুধবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য উদ্ধৃত করে এই ফলাফল প্রকাশ করে।
নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতান্ত্রিক’ হিসেবে পরিচিত করানো জোহরান মামদানি দীর্ঘদিন ধরেই নিউইয়র্কের সাধারণ মানুষের পাশে কাজ করে আসছেন। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় হ্রাস, বাসস্থান সংকট নিরসন ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল নজিরবিহীন। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দেন— যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে শহরটির ইতিহাসে সর্বাধিক।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জোহরান মামদানি নিজেও স্থানীয় সময় সকালে অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট প্রদান করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত স্থানীয় নির্বাচন। এমন এক প্রেক্ষাপটে একজন মুসলিম প্রার্থীর নিউইয়র্কের মেয়র পদে জয়লাভ দেশটির রাজনীতিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।