জাতীয় নির্বাচন সামনে রেখে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনায় প্রথমবারের মতো মুখোমুখি বসছেন কমিশনের সদস্যরা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সংলাপে অংশ নিচ্ছেন চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। উপস্থিত আছেন ইসি সচিব আখতার আহমেদও।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় নতুনভাবে যুক্ত হওয়া আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং, নির্বাচনী আইন-কানুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় হবে।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে, যা রমজানের আগেই সম্পন্ন হবে বলে ধারণা দিয়েছে ইসি। নিয়ম অনুযায়ী ভোটের অন্তত দুই মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এক থেকে দেড় মাসব্যাপী এ সংলাপে বিভিন্ন পর্যায়ের অংশীজনকে অন্তর্ভুক্ত করা হবে।
প্রথম দিন সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে, আর বিকেলে মতামত দেবেন শিক্ষাবিদরা।
সংশ্লিষ্টদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন। ভোটাররা যাতে নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই কমিশনের সব প্রস্তুতি চলছে। এ ছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইন সংশোধন এবং প্রশিক্ষিত জনবল দিয়ে নির্বাচন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছে ইসি।
তবে জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ হওয়ায় একে সফলভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, গণমাধ্যম, নারী নেতৃত্ব, বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকসহ সবার পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য বলে মনে করছে কমিশন। প্রয়োজনে লিখিতভাবেও মতামত জমা দেওয়া যাবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।