জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে নতুন দায়িত্ব পেলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরে জারি হওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
এতে আরও বলা হয়, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণের দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে দেশের বিচার ব্যবস্থায় গতি ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।