জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ পেশ যমুনায়
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে জমা দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
দুপুর ১২টার দিকে কমিশনের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। সেখানে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশপত্র হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল সোমবার যমুনায় কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশন গঠন থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত পুরো প্রক্রিয়া—ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ফটোগ্রাফসহ—সরকারি সংরক্ষণাগারে রাখার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে, কমিশনের সদস্যরা জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা দ্রুত কার্যকর করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম ধাপে এতে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। পরবর্তীতে গণফোরাম এতে যোগ দেয়। যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি বাম দল এখনো সনদে স্বাক্ষর করেনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।