কড়াইল অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন—ঘরবাড়ি হারানো মানুষদের পুনর্বাসনে সরকার দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসবে।
এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “কড়াইলের আগুনে অসংখ্য পরিবার রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েছে—এটা পুরো জাতির জন্যই বেদনাদায়ক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অধ্যাপক ইউনূস জানিয়ে আরও বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম যেন দ্রুতগতিতে এগিয়ে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বহু ঘরে, ফলে বহু পরিবার এক মুহূর্তেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।