লিবিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল চার বাংলাদেশির—ভূমধ্যসাগর রুটে আবারও ট্র্যাজেডি
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির করুণ মৃত্যু হয়েছে। প্রায় একশ’ অনিয়মিত অভিবাসী নিয়ে নৌযান দুটির দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া তথ্যে রেড ক্রিসেন্ট জানায়, নৌকাডুবির খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা দ্রুত সমুদ্রে অভিযান শুরু করেন। প্রথম নৌকাটিতে ছিলেন অন্তত ২৬ জন বাংলাদেশি। সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি যাত্রীদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন—যার মধ্যে ৬৭ জন সুদানি নাগরিক, দুইজন মিশরীয় এবং আটজন শিশু। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারদল ও চিকিৎসাসেবা কর্মীদের পাঠানো হয়, যাতে জীবিতদের দ্রুত উদ্ধার করা যায় এবং মৃতদেহগুলো নিরাপদে আনা সম্ভব হয়।
উল্লেখ্য, বহু বছর ধরে লিবিয়া ইউরোপে অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসনচেষ্টা আরও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলো।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানায়, এ বছর শুধু মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটেই মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মানব পাচার ও ঝুঁকিপূর্ণ নৌযাত্রার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে এসব পরিসংখ্যানে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।