মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু, আহত ৪ জন হাসপাতালে
মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাকিব (২২)। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে।
আহতরা হলেন— পাঁচখোলা এলাকার সোহান বেপারী, জীবন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, শহিদুল সরদারের ছেলে মো. শুভ এবং নিরঞ্জন বাড়ৈর ছেলে অজিত বাড়ৈ।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় নৌকা বাইচ দেখতে গিয়েছিলেন রাকিব ও তার কয়েকজন বন্ধু। ফেরার পথে হবিগঞ্জ সেতুতে তাদের মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাকিব।
আহতদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।