মাদারীপুরে রাতভর সড়ক অবরোধ: শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাদারীপুরে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা শনিবার গভীর রাতে ঢাকা–বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর অংশে বড় বড় গাছ কেটে ফেলে দেন। ফলে রাত থেকে ভোর পর্যন্ত পুরো সড়ক অচল হয়ে পড়ে এবং উভয় দিকে শতাধিক যানবাহন আটকে যায়। নারী–শিশুসহ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
রোববার (১৬ নভেম্বর) ভোরের দিকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আরও নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। পরে বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পূর্ণাঙ্গ অবরোধ সৃষ্টি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি— তারা ঘোষণা দিয়েছে, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায় দেওয়া হলে দক্ষিণাঞ্চলের সড়কপথ সম্পূর্ণ অচল করা হবে।
স্থানীয় সূত্র বলছে, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে কয়েকজন কর্মী মহাসড়কে গাছ ফেলে রাখে, যাতে সকাল থেকেই যাতায়াত বন্ধ হয়ে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
অবরোধের খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ, কালকিনি থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একসঙ্গে উদ্ধার অভিযানে নামেন। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর গাছ অপসারণ করা হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, “মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে কয়েকজন গাছ ফেলেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে এসব সরিয়ে ফেলে। এখন পুরো রুট স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
স্থানীয় জনগণের দাবি, রাজনৈতিক কর্মসূচির নামে মহাসড়ক অবরোধ করা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো ছাড়া কিছুই নয়। তারা দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।