মাউশি: টাইফয়েড প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন ৭ দফা নির্দেশনা
দেশজুড়ে টাইফয়েড প্রতিরোধে বিশেষ মাসব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর থেকে। জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে, এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বিশেষ ৭ দফা নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাউশির এক অফিস আদেশে এই নির্দেশনার কথা জানানো হয়।
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নিজ স্কুলে টিকা নিতে পারবে। এছাড়া স্কুলের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরাও নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে।
মাউশির ৭ দফা নির্দেশনা:
১. উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের নির্দেশ দেবেন যাতে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারেন। এছাড়া, জেলা শিক্ষা অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে এ সংক্রান্ত নোটিশ এবং সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করা হবে, যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা ব্যাপকভাবে তথ্য পেতে পারেন।
২. সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা তাদের সংশ্লিষ্ট ক্লাস্টারের স্কুলগুলোতে কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করবেন।
৩. জেলা, উপজেলা ও থানার কর্মকর্তাদের দায়িত্ব থাকবে দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন স্কুলের কার্যক্রম পর্যবেক্ষণ করা।
৪. প্রধান শিক্ষকদের লক্ষ্য থাকবে যেন শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নিতে পারেন। স্কুলের সব সহকারী শিক্ষকদের এই কর্মসূচিতে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে হবে।
৫. শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট নিয়োগ, শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করার বিষয়টি তদারকি করবেন।
৬. রেজিস্ট্রেশন ফরমের তথ্যের সঠিকতা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট শিক্ষকরা পালন করবেন।
৭. পুরো কার্যক্রমের সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।