মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তারেক রহমানের বার্তা: ‘গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান’

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল এক মোড় ঘোরানো দিন। এই দিন সিপাহী-জনতার অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং ছিল জাতীয়তাবাদী চেতনার পুনর্জাগরণের সূচনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সেদিন সিপাহী ও সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে এসেছিল।

তিনি বলেন, স্বাধীনতার পর একদলীয় শাসনের মাধ্যমে বাকশাল সরকার গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছিল। মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশকে আধিপত্যবাদের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এমন সংকটময় মুহূর্তে ৭ নভেম্বরের বিপ্লব জাতীয় স্বাধীনতার নতুন অধ্যায় সূচনা করে—যার নেতৃত্বে মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের চর্চা শুরু হয়, বাক-স্বাধীনতা ফিরে আসে, এবং জনগণের মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু পরবর্তীতে ১৯৮১ সালে তাকে হত্যা করে গণতন্ত্রের শিকড় দুর্বল করার চেষ্টা হয়। তারপরও জিয়ার আদর্শে অনুপ্রাণিত মানুষ আজও গণতন্ত্র রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। গুম, খুন, মিথ্যা মামলা, দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করেছে। গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে জনগণের অধিকার হরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র ও জনতার আত্মত্যাগে ফ্যাসিস্টদের পতন ঘটে, দেশের মানুষ গণতন্ত্রের নতুন আলো দেখতে পেয়েছে। এখন প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারের নিশ্চয়তা দিয়ে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

তারেক রহমান মনে করেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।

শেষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন—
“আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা