মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ৪
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র।
সেনা সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বসিলা আর্মি ক্যাম্পের বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে উদ্ধার করা ৩২টি তাজা ককটেল নিষ্ক্রিয় করা হয়। স্থানীয়ভাবে তৈরি এসব ককটেল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এক ব্রিফিংয়ে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রথম দফায় তিনজনকে আটক করা হয় যাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র এবং তিনটি স্প্রিন্টার উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দ্বিতীয় দফায় রাত সাড়ে ৯টার দিকে জেনেভা ক্যাম্পে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে আটক করা হয় এবং সেখান থেকে ৩২টি ককটেল, মার্বেল, গানপাউডার ও বিস্ফোরক তৈরির উপকরণ পাওয়া যায়।
বোম্ব ডিসপোজাল ইউনিট জানিয়েছে, ককটেলগুলো তৈরি করা হয়েছিল ব্লেন্ডার মেশিনে মার্বেল ও গানপাউডার মিশিয়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য, যারা বিস্ফোরক তৈরির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, “আমরা আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।