নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে ঢাকা-১১ আসন ছাড়ল জামায়াত, প্রার্থিতা প্রত্যাহার আতিকুর রহমানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা) আসনে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী আতিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান।
রোববার (২৮ ডিসেম্বর) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আতিকুর রহমান তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জন্য তিনি শুভকামনা জানাচ্ছেন। দীর্ঘ সময় ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালানোর পর আজ তিনি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন বলেও উল্লেখ করেন আতিকুর রহমান। এ সময় তার রাজনৈতিক পথচলায় পাশে থাকা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে একই দিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেন। তার নেতৃত্বে গঠিত এই জোটে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের পাশাপাশি কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হয়। এতে মোট ১০ দল নিয়ে নতুন একটি রাজনৈতিক মোর্চা গড়ে ওঠে।
এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা প্রতিরোধে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি আরও জানান, এনসিপি এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিলেও শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এবং নতুন সমীকরণ তৈরি করেছে।
এই রাজনৈতিক সমঝোতার ফলে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের অবস্থান আগের তুলনায় আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।