নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের গুরুত্বপূর্ণ বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষ্যে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।
ইসি সচিবালয়ের জনসংযোগ ও তথ্য বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই দিন দুপুর আড়াইটায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকর্মীদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হবে, যেখানে সভার সিদ্ধান্ত ও করণীয় বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে সভাটি সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।
সভায় নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ যথাযথভাবে বাস্তবায়নের বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় আসবে। একই সঙ্গে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নিয়েও মতবিনিময় করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।