"নতুন পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন: অভিযোগ তদন্ত থেকে বাহিনীর সংস্কার— সবকিছু তদারকিতে পাঁচ সদস্যের স্বাধীন কমিশন"
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নতুন পুলিশ কমিশন অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন।
রিজওয়ানা হাসান জানান, পাঁচ সদস্যের একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। কমিশনের অন্যান্য সদস্য হিসেবে থাকবেন—
গ্রেড ওয়ানভুক্ত বা সমপর্যায়ের সাবেক সরকারি কর্মকর্তা (জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়),
গ্রেড ওয়ানের নিচে নয়— এমন পদমর্যাদার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক,
মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।
তিনি বলেন, “এই কমিশনের মূল উদ্দেশ্য হলো পুলিশকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও প্রভাবমুক্তভাবে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করা। সরকার ও পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই কমিশন প্রয়োজনীয় সুপারিশ দেবে। পুলিশের মানবাধিকার সচেতনতা, আধুনিকায়ন, প্রশিক্ষণ— সব ক্ষেত্রেই তারা সম্ভাব্য ঘাটতি চিহ্নিত করবে।”
▶ কমিশনের প্রধান দুই দায়িত্ব
১️⃣ নাগরিকদের পুলিশের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা।
২️⃣ পুলিশ সদস্যদের পেশাগত অভিযোগ যাচাই-বাছাই করে সমাধান দেওয়া।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই দুই কার্যক্রমই নতুন পুলিশ কমিশন অধ্যাদেশের মূল বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হচ্ছে।
▶ কমিশনের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম
পুলিশের সামগ্রিক দক্ষতা, কর্মক্ষমতা ও জবাবদিহিতা বৃদ্ধির সুপারিশ প্রদান।
বাহিনীর শৃঙ্খলা, স্বচ্ছতা ও উত্তোরণের কাঠামো উন্নয়নে সহায়তা।
আইন ও নীতিমালার ওপর গবেষণা করে প্রয়োজনে সরকারকে সংশোধনী পরামর্শ দেওয়া।
পুলিশ সদস্যদের বিভিন্ন পেশাগত সংকট সমাধানে পরিকল্পনা গ্রহণ।
প্রযুক্তি, প্রশিক্ষণ ও কল্যাণমূলক ব্যবস্থার উন্নয়নে কর্মপরিকল্পনা তৈরি করে সরকারকে পরামর্শ দেওয়া।
প্রয়োজনে এসব পরিকল্পনা সরকারকে সুপারিশ আকারে পাঠানো হবে বলে জানান কর্মকর্তারা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।