অবশেষে আন্দোলন প্রত্যাহার, কাল থেকেই ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা
দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ক্লাসে ফিরছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ও প্রজ্ঞাপন জারির পর আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তারা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, “সরকার আমাদের দাবি আংশিকভাবে পূরণ করেছে। তাই আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আগামীকাল থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্বাভাবিকভাবে শুরু হবে।”
এর আগে, অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়— আসন্ন ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে এ ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।
তবে এর আগে গত রোববার অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে শিক্ষক সমাজ তাতে সন্তুষ্ট হননি এবং আন্দোলন অব্যাহত রাখেন।
শেষ পর্যন্ত সরকারের নতুন সিদ্ধান্তের পর শিক্ষক নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এর ফলে আগামীকাল বুধবার (২২ অক্টোবর) থেকে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষক নেতারা জানান, সরকারের এই সিদ্ধান্ত তাদের আন্দোলনের একটি বড় অর্জন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষকদের অন্যান্য দাবি ও সমস্যাগুলোরও দ্রুত সমাধান হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।