অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন: উপদেষ্টা পদ ছাড়লেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ সদস্য—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম—তাদের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরুতে প্রধান উপদেষ্টাসহ ২৩ সদস্যের এই পরিষদে ছাত্র নেতৃত্বের ভূমিকায় জায়গা পান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পরে বিশেষ সহকারী হিসেবে যুক্ত হয়ে উপদেষ্টার দায়িত্ব পান মাহফুজ আলম।
ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে প্রয়াত এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান। গত এক বছর ধরে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া—দুই মন্ত্রণালয়ই সামলাচ্ছিলেন।
অন্যদিকে, মাহফুজ আলম ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমদিকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না থাকলেও নাহিদ ইসলামের পদত্যাগের পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, উপদেষ্টা পরিষদ গঠনের সময় ছাত্রনেতা নাহিদ ইসলামও ছিলেন। তিনি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন।
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার একযোগে সরে দাঁড়ানোকে অনেকেই রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।