ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে উত্তাল আন্দোলন
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে জনতার ঢল
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় তীব্র আন্দোলন শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার পর থেকে শাহবাগে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা।
জানাজা ও দাফন শেষে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান আন্দোলনকারীরা। এ সময় তারা হত্যার বিচার, দোষীদের গ্রেপ্তার এবং দ্রুত রায় কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শাহবাগ এলাকা ক্রমেই উত্তাল হয়ে ওঠে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকট শহীদ ওসমান হাদিকে দাফন করা হয়। জানাজা শেষে মরদেহ বহনকারী গাড়ি মিছিলের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির জানাজা। দুপুর ২টা ৩৩ মিনিটে শুরু হওয়া জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
জানাজার নামাজে ইমামতি করেন নিহত ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকা শোক আর ক্ষোভে ভারী হয়ে ওঠে। জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।