মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

অর্ধশতাব্দি পরও বাস্তবায়িত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন: তারেক রহমান

অর্ধশতাব্দি পেরিয়েও শহীদ বুদ্ধিজীবীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অধরাই

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তারেক রহমান তার বার্তায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর শুধু একটি শোকের দিন নয়, এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন। শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন এবং জাতিকে আলোর পথ দেখাতে চেয়েছিলেন। তাদের আদর্শ ও ত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে।

তারেক রহমান উল্লেখ করেন, পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনা আজও জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে। তবে তারা যে আদর্শ রেখে গেছেন—জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রগতিশীল রাষ্ট্র গঠনের প্রত্যয়—তা আজও পথ দেখায় একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্নে।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। একদলীয় শাসনের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ থামিয়ে দেওয়া হয়েছে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়েও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা এখনও নানা সংকটে আবদ্ধ।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর যদি আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও বহুপথের রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা যায়, তবেই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আসুন—শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশিত গণতান্ত্রিক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। একই সঙ্গে তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শেষে তিনি বলেন,

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা