প্যারিসের মেয়র অ্যান হিদালগো: “অসাধারণ কাজ করছেন” — ড. মুহাম্মদ ইউনূস
জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততার ফাঁকে নিউইয়র্কে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। বৈঠকে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলায় সামাজিক ব্যবসার প্রসার, অলিম্পিককে ঘিরে নতুন উদ্যোগ এবং বিশ্বজুড়ে চলমান শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস জানান, প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসার মাধ্যমে ভিন্নমাত্রা দিতে তিনি সরাসরি কাজ করেছেন। ভবিষ্যতের অলিম্পিক আয়োজন—বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক—কার্বন নিরপেক্ষ করার ওপরও তিনি জোর দেন। একইসঙ্গে বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
“এটি হবে একটি মাইলফলক নির্বাচন, যা বাংলাদেশের গণতন্ত্রের নতুন অধ্যায় সূচনা করবে,” মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মেয়র হিদালগো বলেন,
“আমি আপনার নেতৃত্বের প্রতি আস্থা রাখি। আপনি সত্যিই অসাধারণ কাজ করছেন।”
দুই নেতা আলোচনায় দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত দশ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সহায়তায় বৈশ্বিক অর্থায়ন বাড়ানোর তাগিদ দেন। মেয়র হিদালগো বিশেষভাবে বিশ্বের অন্যান্য শরণার্থী শিবিরের জীবনমান উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, একদিন রোহিঙ্গারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে মিয়ানমারের নিজ ভূমিতে ফিরতে পারবে।
অধ্যাপক ইউনূস আরও জানান, আসছে সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন বসবে, যার মাধ্যমে গত কয়েক দশকের ভয়াবহ এই মানবিক সংকটে আবারো বিশ্বকে সচেতন ও সক্রিয় করার চেষ্টা করা হবে।
বৈঠকে তিনি মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আলোচনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সমন্বয়ক ও সরকারের জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।