র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতন: হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর নির্দেশ
র্যাবের টিএফআই সেলে গুম ও ভয়াবহ নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টার পর ঢাকার সেনানিবাসে অবস্থিত বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
ট্রাইব্যুনালে হাজির হওয়া কর্মকর্তারা হলেন— র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন আগে নির্ধারিত ছিল ২১ ডিসেম্বর। তবে আসামিপক্ষের আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল দুই দিন সময় বাড়িয়ে আজকের দিন ধার্য করেন। যদিও এই আবেদনকে অপ্রয়োজনীয় উল্লেখ করে আপত্তি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মামলায় পলাতক আসামি হিসেবে রয়েছেন— শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, সাবেক ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।
গত ১৪ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। অপর সাতজনের পক্ষে ছিলেন আইনজীবী তাবারক হোসেন। এছাড়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম, সুজাদ মিয়া এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী মো. আমির হোসেন পৃথক পৃথক যুক্তি তুলে ধরে অব্যাহতির আবেদন করেন।
অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান।
এর আগে ৩ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি টিএফআই সেলের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে বলেন, গুমের অন্ধকার অধ্যায় পেরিয়ে দীর্ঘ ১৬ বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।