শেখ হাসিনা-কামালসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা ১৩ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ঘোষণা করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া এই মামলার শুনানি শেষে ২৮ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষ ছয় কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে, আর আসামিপক্ষ তিন দিনের শুনানি শেষে নিজেদের বক্তব্য শেষ করে বুধবার।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি উপস্থাপন করে তাদের খালাসের আবেদন জানান। তিনি বলেন, প্রসিকিউশন কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি, বরং শেখ হাসিনা কখনো আন্দোলন দমন বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। একই সঙ্গে তিনি সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়েও প্রশ্ন তোলেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং তাদের সম্পত্তি বিক্রির মাধ্যমে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের আবেদন জানান। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কোনো সাজার আবেদন করা হয়নি।
প্রসিকিউশন জানায়, বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর পাল্টা যুক্তিতর্ক দেন এবং অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্যের মাধ্যমে শুনানি শেষ করেন। উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল। মামলায় মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।