সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্টাফ নিহত
সেন্টমার্টিন দ্বীপে যাত্রার প্রস্তুতিকালে কক্সবাজারে নোঙর করা একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (সকাল সাড়ে ৬টার দিকে) কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির নাম নূর কামাল (২৫)। তিনি টেকনাফ উপজেলার বাসিন্দা এবং জাহাজটির একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুন লাগার সময় তিনি জাহাজের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ হোসেন জানান, সকাল ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, জাহাজটি তখন নোঙর করা অবস্থায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।
এদিকে, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল প্রায় ১৮০ জন যাত্রীর। বোর্ডিং কার্যক্রম শুরুর আগেই আগুন লাগায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় তাদের অন্য জাহাজে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।