সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর থেকে দেশজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনা চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।