সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে একটি টেকসই ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান ও কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ভিত্তিক উদ্যোগ দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও দৃঢ় করতে পারে।
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিকায়ন ও গতিশীল করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে, যা আমাদের আত্মনির্ভরতার পথে নতুন অনুপ্রেরণা যোগাবে।”
ড. ইউনূস আরও উল্লেখ করেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, “সমবায় শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন যা দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে কাজ করছে, যেখানে সমবায় হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি।”
‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’-এর সাফল্য কামনা করে ড. ইউনূস দেশের সব সমবায়ী সংগঠন ও সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।