তাঞ্জানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত প্রায় ৭০০, দেশজুড়ে জারি কারফিউ
তাঞ্জানিয়া জুড়ে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় পরিণত হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল চাদেমা জানিয়েছে, গত তিন দিনের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই রাজধানী দার এস সালাম, মওয়ানজাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারের প্রভাবে গুরুত্বপূর্ণ প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিরোধী সমর্থকদের ওপর দমন-পীড়ন চলছে।
চাদেমার মুখপাত্র জন কিটোকা শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে জানান,
“বিক্ষোভের প্রথম দিন থেকেই সহিংসতা ছড়িয়ে পড়ে। দার এস সালামে অন্তত ৩৫০ জন এবং মওয়ানজায় ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন। অন্যান্য অঞ্চল মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৭০০।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো আরও অনেক বেশি হতে পারে। কারণ বুধবার রাত থেকে জারি থাকা কারফিউয়ের সময়ও বহু হতাহতের ঘটনা ঘটেছে।
একটি নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রটির মতে, “পুরো দেশ মিলিয়ে এই সংখ্যা ৭০০ থেকে ৮০০ জনের কাছাকাছি হতে পারে।”
অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তারা স্বাধীনভাবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে।
চাদেমা মুখপাত্র জানান, তাদের দলীয় স্বেচ্ছাসেবক ও সদস্যদের একটি নেটওয়ার্ক দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ঘুরে মৃতদের সংখ্যা যাচাই করছে।
সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বা হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে দেশজুড়ে উত্তেজনা চরমে, প্রশাসন একাধিক অঞ্চলে কঠোর কারফিউ জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।