সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

টিএফআই গুম ও নির্যাতন মামলা: ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত আজ

আওয়ামী লীগ সরকারের সময় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে সংঘটিত গুম ও ভয়াবহ নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (২১ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ আদেশ দিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ সিদ্ধান্ত নেবেন— গ্রেপ্তার সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না।
এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মামলার আসামিদের মধ্যে ১০ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ও কর্নেল মো. মশিউর রহমান।
অন্যদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন।
গত ১৪ ডিসেম্বর আসামিপক্ষ পৃথক শুনানিতে তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ তা নাকচ করার আহ্বান জানায়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চালানোর মতো পর্যাপ্ত তথ্য ও প্রমাণ রয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম টিএফআই সেলের ভয়ংকর বাস্তবতা তুলে ধরে বলেন, গুম হওয়া অনেক ব্যক্তিকে বছরের পর বছর অজ্ঞাত স্থানে আটকে রাখা হতো; কাউকে নির্জন এলাকায় ফেলে দেওয়া হতো, আবার কাউকে হঠাৎ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হতো।
এর আগে গত ২২ অক্টোবর গ্রেপ্তার হওয়া ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিদের পক্ষে ইতোমধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজকের আদেশের মাধ্যমেই নির্ধারিত হবে বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা