ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই ব্রিফিংয়ে অংশ নেবেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ব্রিফিং সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ ছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেবেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।
এই ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।