তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ইস্যুতে আজ আপিলের পঞ্চম দিনের শুনানি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের শুনানি আজ বুধবার পঞ্চম দিনে গড়াচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে সকালেই এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে দুপুর পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়। ওইদিন আদালতে আইনজীবী শিশির মনির, বদরুদ্দোজা বাদলসহ তিনজন আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। আজকের শুনানিতে বিএনপি পক্ষের আইনজীবীরা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
চতুর্থ দিনের শুনানিতে শিশির মনির আদালতে যুক্তি দেন, “যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত।” তিনি অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তের মাধ্যমে দেশে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, আদালত জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে ন্যায়সংগত রায় দেবেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে এবং আপিলের অনুমতিও প্রদান করে। পরে ড. বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পারওয়ারসহ আরও কয়েকজন এই ব্যবস্থার পুনর্বহালের দাবিতে আপিল দায়ের করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।