মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা, বাতিল হাজারো ফ্লাইট

যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে ভয়ংকর তুষারঝড় আঘাত হেনেছে। প্রবল শীত ও ভারী তুষারপাতের কারণে দেশটির আকাশপথ ও স্থলপথে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি-৭ নিউজ শনিবার (২৭ ডিসেম্বর) জানায়, নিউইয়র্কে সাম্প্রতিক সময়ের অন্যতম ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। লাগাতার তুষারপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বরফ জমে জননিরাপত্তা ও যান চলাচলের জন্য বড় ধরনের হুমকি তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক সিটি এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। একই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে লং আইল্যান্ড ও উত্তর নিউ জার্সিতে। অন্যদিকে, পূর্ব লং আইল্যান্ড ও কানেক্টিকাটে তুষারপাতের পরিমাণ ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতিরিক্ত তুষারের কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে, ফলে সড়কপথে চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। অনেক এলাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এমন সংকটময় পরিস্থিতিতে নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, তুষার জমে সড়কগুলো অত্যন্ত পিছল হয়ে উঠতে পারে। তাই বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলায় ধীরগতিতে গাড়ি চালাতে চালকদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নিউ জার্সিতেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। তীব্র তুষারঝড় ও হিমশীতল বৃষ্টির কারণে রাজ্যটির বিভিন্ন সড়ক বরফে ঢেকে গেছে। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
তুষারঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। গত শুক্রবার শুধু একদিনেই এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় চার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন ঘিরে এ সময়টিতে যাত্রীদের চাপ বেশি থাকলেও দুর্যোগের কারণে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা